নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান
টেলিগ্রাফ প্রতিবেদক:
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড ‘স্ট্রে কিডস’ (Stray Kids)-এর সদস্য, গায়ক ও মূল নৃত্যশিল্পী লি নো (Lee Know) নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। বিপর্যস্ত জনপদের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য তিনি ১০০ মিলিয়ন দক্ষিণ কোরীয় ওন (প্রায় ৭২,৬০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন, যা নেপালি মুদ্রায় প্রায় ১ কোটি ১১ লাখ রুপির সমান।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’ (World Vision)-এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। লি নো অনুরোধ করেছেন, এই অর্থ যেন বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত শিশু ও পরিবারগুলোর জরুরি খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, অস্থায়ী আশ্রয় এবং স্বাস্থ্যবিধি সুরক্ষায় ব্যবহার করা হয়।
নিজের এজেন্সির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে লি নো জানান, “আমি আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কঠিন সময় অতিক্রম করা মানুষগুলোর জন্য কিছুটা হলেও শক্তি জোগাবে। আমি আন্তরিকভাবে কামনা করি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ত্রাণকাজে যুক্ত সবাই যেন দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।”
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সাথে লি নোর সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সাল থেকে তিনি সংস্থাটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পৃষ্ঠপোষকতা করে আসছেন। এর আগেও তিনি বিশ্বব্যাপী খাদ্য সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবা ও প্রাণী কল্যাণে একাধিকবার ১০০ মিলিয়ন ওন করে বড় অঙ্কের অনুদান দিয়েছেন।
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।